নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ ফেব্রুয়ারি) : প্রকাশ হলো ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও পূর্ণাঙ্গ সূচি। আজ (২৪ ফেব্রুয়ারি) বিস্তারিত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ইভেন্টে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের নিগার সুলতানা জ্যোতিদের লড়তে হবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে।
আগামী ১২ জুন টুর্নামেন্টের দশম সংস্করণের পর্দা উঠবে ইংল্যান্ডে। চলবে ৫ জুলাই পর্যন্ত। দুই গ্রুপে ভাগে হয়ে লড়বে মোট ১২ দল। দলের সংখ্যায় এটাই নারীদের সবচেয়ে বড় আইসিসি ইভেন্ট। গত মাসে বাছাইপর্ব খেলে এই আসরে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।
বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আয়োজক ইংল্যান্ড ১২ জুন শ্রীলঙ্কার সঙ্গে উদ্বোধনী ম্যাচ খেলবে। বাংলাদেশের অভিযান শুরু হবে ১৪ জুন, এজবাস্টনে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। হেডলিংয়ে ১৭ জুন খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
২০ জুন হ্যাম্পশায়ার বোলে বাংলাদেশ প্রতিপক্ষ পাকিস্তান। ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ২৫ জুন গড়াবে বাংলাদেশ-ভারত ম্যাচ। তিন দিন পর লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে গ্রুপপর্বের ইতি টানবে নিগারের দল।
প্রতি গ্রুপের সেরা দুটি করে দল নিশ্চিত করতে সেমিফাইনাল। ৩০ জুন এবং ২ জুলাই দ্য ওভালে হবে শেষ চারের দুই ম্যাচ। ৫ জুলাই লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।
মনোয়ারুল হক/
