হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ ফেব্রুয়ারি) : জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির গত রবিবার রাজধানীর একটি হাসপাতালে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে। সফল অস্ত্রোপচার শেষে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন তিনি। চিকিৎসা শেষে তিনি গত বৃহস্পতিবার বাড়ি ফেরেন।

অস্ত্রোপচারের পর টানা ৭২ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন এই অভিনেত্রী। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে বাসায় থেকেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সার্জারিটি সফল হয়েছে এবং অপারেশনের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি বলেন, রবিবারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। এখন তানিয়া আগের চেয়ে অনেকটা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানান তানিয়া বৃষ্টি। হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি শেয়ার করে তিনি জানান, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া চান। সেই পোস্ট প্রকাশের পর থেকেই সহকর্মী, নির্মাতা ও ভক্তদের উদ্বেগ আর শুভকামনায় ভরে ওঠে তার সামাজিক যোগাযোগমাধ্যম।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তাই সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বা নতুন কাজের বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছে। চিকিৎসাপরবর্তী সময়টা ধীরে ও সতর্কতার সঙ্গে পার করছেন তানিয়া বৃষ্টি। সবকিছু অনুকূলে থাকলে পর্যাপ্ত বিশ্রাম শেষে আবারও নিয়মিত কাজ শুরু করবেন বলে জানা গেছে।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ