সাংবাদিকদের সমস্যা সমাধান হবে নিজস্ব পরিসরেই: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (বরিশাল), এবিসিনিউজবিডি, (২১ ফেব্রুয়ারি) : সাংবাদিকদের যে-কোনো সমস্যা সাংবাদিকতার নিজস্ব পরিসরের মধ্যেই সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কাম্য নয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভাশেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট যে-কোনো সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। এর বাইরে অন্য কোনো প্রশাসনিক বা মন্ত্রণালয়ভিত্তিক হস্তক্ষেপ হলে পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের কিছু বাস্তব সমস্যা রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ওয়েজ বোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এটিকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, দেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। চলতি মাস থেকেই দেশজুড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের কাছে এ কার্ড পৌঁছে দেওয়া হবে এবং পরিবারের নারীদের হাতেই কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুরুতে নির্দিষ্ট পরিমাণ অর্থসহায়তা দেওয়া হবে, পরে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।

মন্ত্রী আরও বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। তবে স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচন থেকে সরকার ও প্রশাসন গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। ভবিষ্যতে নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।

অনুষ্ঠানের শেষে তিনি ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অবদান রাখা নেতাদের প্রতি শ্রদ্ধা জানান। আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে তিনি বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন পেশাগত সমস্যা ও দাবি শোনেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ