নিপা ভাইরাসে দেশে এ বছরের ‘প্রথম মৃত্যু’

নিজস্ব প্রতিবেদক (নওগাঁ), এবিসিনিউজবিডি, (৭ ফেব্রুয়ারি) : নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যু। গত ২৮ জানুয়ারি ওই নারী মারা গেলেও তার নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি আজ শনিবার নিশ্চিত করেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা।

নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া রোগী ৪০-৪৫ বছর বয়সী এক নারী। গত ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা এবং শ্বাসকষ্টের মতো প্রাথমিক উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ২৭ জানুয়ারি স্থানীয় হাসপাতালে এবং ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর গলা থেকে শ্লেষ্মা এবং রক্তের নমুনা সংগ্রহ করে গবেষণাগারে (ল্যাবরেটরি) পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় এবং ২৮ জানুয়ারি তিনি মারা যান।

নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম বলেন, আজকে আইইডিসিআর থেকে গণমাধ্যমকে তথ্যটি জানানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদেরকে লিখিতভাবে এখনো বিষয়টি জানানো হয়নি। লিখিতভাবে জানানোর পরই ওই রোগীর বিষয়ে আমরা বিস্তাারিত গণমাধ্যমকে জানাতে পারব। তবে আক্রান্ত ওই নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। তবে অসুস্থ হওয়ার কিছুদিন আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন। তবে তার বাড়ি নওগাঁর কোথায় তা এখনো জানায়নি।

তিনি আরও জানান, নিপাহ ভাইরাসের প্রধান বাহক হলো ‘টেরোপাস’ প্রজাতির ফলাহারি বাদুড়। শীতকালে বাদুড় যখন খেজুরের রস সংগ্রহের হাঁড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে তখন তাদের লালা বা মলমূত্রের মাধ্যমে হাঁড়ির রসে ভাইরাস মিশে যায়। সেই কাঁচা রস মানুষ পান করলে সরাসরি ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

উল্লেখ্য, দেশে নিপা ভাইরাসে সবশেষ মৃত্যু হয় গত বছরের আগস্টে। গত বছর দেশে এ ভাইরাসে চারজনের মৃত্যু হয়।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ