তিনটি বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা নৌবাহিনী প্রধানের
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (৫ ফেব্রুয়ারি) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্টদের তিনটি বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের উপকূলীয় কুতুবদিয়া ও সন্দ্বীপ এলাকা পরিদর্শনে গিয়ে নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান এসব নির্দেশনা দেন।
নির্দেশনাগুলো হলো- ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা। এসব বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন নৌবাহিনী প্রধান।
এ সময় তিনি কুতুবদিয়া ও সন্দ্বীপ এলাকার নৌবাহিনী কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। এ মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, মতবিনিময়কালে সাধারণ জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন নৌবাহিনী প্রধান। এ লক্ষ্যে তিনি নৌবাহিনী, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আইএসপিআর আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নৌবাহিনী উপকূলীয় ২৫টি উপজেলায় দায়িত্ব পালন করছে। নির্বাচনকে ঘিরে স্বার্থান্বেষী মহলের যেকোনো অপতৎপরতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং বিশেষায়িত সোয়াডস টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।
মনোয়ারুল হক/
