ভারত ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ ফেব্রুয়ারি) : ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ভারত-পাকিস্তান ম্যাচ ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও বাণিজ্যিকভাবে লাভজনক লড়াইগুলোর একটি। এই ম্যাচের সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ ও বিজ্ঞাপন থেকে প্রতি আসরেই কোটি কোটি ডলারের রাজস্ব আসে। তবে পাকিস্তান সরকারের নির্দেশনায় দলটি কলম্বোতে ম্যাচটি না খেললে পুরো ফিক্সচার অনিশ্চয়তার মুখে পড়ে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপি-কে জানিয়েছে, বিষয়টি সামনে আসার পর আইসিসি আনুষ্ঠানিকভাবে পিসিবির সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে পিসিবিও বিশ্ব ক্রিকেট সংস্থার সঙ্গে আলোচনায় বসে। সূত্রের দাবি, আইসিসি কোনো সংঘাতে যেতে চায় না এবং আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছাতে আগ্রহী।
২০ দলের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ রাজনৈতিক টানাপোড়েনের কারণে শুরু থেকেই বিতর্কে জড়িয়েছে। এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।
এদিকে প্রতিবাদস্বরূপ পাকিস্তান গ্রুপ ‘এ’-তে সহ-আয়োজক ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। শনিবার উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পাকিস্তান। তবে ভারত ম্যাচ বয়কট করলে পাকিস্তান দুই পয়েন্ট হারানোর পাশাপাশি নেট রান রেটের ক্ষতির মুখে পড়তে পারে।
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এরই মধ্যে জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী তার দল কলম্বো সফর করবে এবং ম্যাচ খেলতে প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। বর্তমানে তারা কেবল আইসিসি কিংবা আঞ্চলিক টুর্নামেন্টেই মুখোমুখি হচ্ছে।
সূত্র: ডন
মনোয়ারুল হক/
