নির্বাচনি দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত, আহত ১৪
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (১৩ ফেব্রুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্তের চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সাতকানিয়ায় নির্বাচনি দায়িত্ব শেষে একটি বাসে করে গার্ডে ফিরছিলেন ২৩ জন আনসার সদস্য। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ে উঠে উল্টে যায়।
নিহত আনসার সদস্যের নাম মো. আব্দুল জব্বার। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন।
আহতদের মধ্যে তিনজন বর্তমানে চট্টগ্রামের বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং সাতজন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী টানেল এলাকায় দায়িত্বরত নৌবাহিনীর কর্মকর্তা মো. ফারুক জানান, দুর্ঘটনাটি নেভি গেট এলাকায় সংঘটিত হয়। এতে ঘটনাস্থলেই একজন আনসার সদস্য নিহত হন এবং অন্তত ১৪ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নৌবাহিনীর হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আনসার বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে আনসার ও ভিডিপির পাঁচ লাখ ৭৬ হাজারের বেশি সদস্য নিয়োজিত ছিলেন। বিপুলসংখ্যক সদস্যকে নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া ও দায়িত্ব শেষে ফিরিয়ে আনা ছিল প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
মনোয়ারুল হক/
