ফলাফলের সিটে অগ্রিম স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (১২ ফেব্রুয়ারি) : ফলাফলের তালিকায় ভোট কর্মকর্তাদের অগ্রিম স্বাক্ষর নেওয়ার দায়ে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ওই আসনের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমের ফলাফলের তালিকায় অগ্রিম সই নেওয়ার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলে বেলা দেড়টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ভোট গ্রহণ স্বাভাবিক আছে।
মনোয়ারুল হক/
