শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ ফেব্রুয়ারি) : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পেয়েছেন। তবে পূর্বনির্ধারিত আন্তর্জাতিক কর্মসূচির কারণে তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্রটি গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্রগুলো জানায়, ফেব্রুয়ারিতে দিল্লি ও মুম্বাইয়ে আয়োজিত ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নেয়ার পূর্বনির্ধারিত সূচির কারণে মোদির পক্ষে ঢাকা সফর করা সম্ভব হচ্ছে না। ওই সামিটে বিশ্বের একাধিক প্রভাবশালী নেতা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানসহ প্রায় ২০ দেশের শীর্ষ নেতা। সামিটের ফাঁকে মোদি ও ম্যাখোঁর মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রাথমিকভাবে আলোচনা ছিল, ভারতের পক্ষ থেকে উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান অথবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফরে আসতে পারেন। তবে শেষ মুহূর্তে লোকসভার স্পিকার ওম বিড়লার সফর চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর মাধ্যমে নয়াদিল্লি নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কূটনৈতিক গুরুত্বও তুলে ধরছে বলে বিশ্লেষকদের ধারণা।

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ড. ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ