এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ ফেব্রুয়ারি) : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে নেপালের নাগরিক সোনা শ্রেষ্ঠাকে নিয়োগ দিয়েছে। এই পদে তিনি বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কায় এডিবির কৌশল ও কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ এশিয়ার মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় পর সোনা শ্রেষ্ঠা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি। এ অঞ্চলের উন্নয়নশীল সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে সহায়তায় এডিবির সম্পৃক্ততা আরও গভীর করতে আমি আগ্রহী।’
সোনা শ্রেষ্ঠার পেশাগত অভিজ্ঞতা ২৭ বছরের বেশি, যার মধ্যে ২৩ বছরই এডিবিতে। এই নিয়োগের আগে তিনি দক্ষিণ এশিয়া বিভাগের উপ-মহাপরিচালক ছিলেন। এছাড়া তিনি এডিবির স্বাধীন মূল্যায়ন বিভাগে উপ-মহাপরিচালক, সহকারী সচিব, দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য আর্থিক খাত ও বাণিজ্য বিভাগের পরিচালক এবং ইন্দোনেশিয়ার উপ-কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এডিবিতে তার আগের বিভিন্ন ভূমিকায় তিনি মধ্য ও পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বিস্তৃত কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন।
মিস শ্রেষ্ঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি ম্যাসাচুসেটসের স্মিথ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।
মনোয়ারুল হক/
