আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর বার্তা দিলেন তারেক রহমান

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ ফেব্রুয়ারি) : নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, এখন দেশ পুনর্গঠনের সময়। এ যাত্রায় প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সরকার গঠনের প্রাক্কালে অর্থনীতিকে গতিশীল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি দৃঢ়ভাবে বলেন, “আইনকে আইনের পথেই চলতে দেওয়া হবে।” একই সঙ্গে জবাবদিহিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর এই নেতা বলেন, এই বিজয় গণতন্ত্র ও গণতন্ত্রকামী মানুষের। জনগণের দেওয়া রায়ের মর্যাদা রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। নির্বাচনী কৌশল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, জনগণের সমর্থন অর্জনই ছিল তাদের প্রধান লক্ষ্য।

দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়ে তিনি সতর্ক করেন, যেন কোনো দুর্বল ব্যক্তি শক্তিশালীর নিপীড়নের শিকার না হন এবং রাজনৈতিক বিরোধ প্রতিহিংসায় রূপ না নেয়। ভবিষ্যতে কোনো স্বৈরাচারী প্রবণতা যাতে মাথাচাড়া দিতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন-সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি গণমাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মত ও পথ ভিন্ন হলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে যাচ্ছে। জনগণ পরিবর্তন চায়—সে পরিবর্তন হবে উন্নয়ন ও উদার গণতন্ত্রের পথে। তিনি তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ