ওসমান হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ ডিসেম্বর) : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ওসমান হাদির মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টা ৫৮ মিনিটে মরদেহ জানাজার জন্য আনা হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলের নেতারা উপস্থিত রয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেলা ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন। তার আগে বেলা ১টা ৫৮ মিনিটে শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয় সেখানে। আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা।

উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব-সহ অন্যান্যরা।

হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

হাদির জীবনবৃত্তান্ত পাঠ করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

পরে পরিবারের পক্ষ থেকে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশকে জানাতে হবে হাদির খুনিদের গ্রেপ্তারে তারা কী পদক্ষেপ নিয়েছেন। তারা যদি তা না পারেন তাহলে তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ