বারডেমের উদ্যোগে সুলভ মূল্যে মানসম্মত ঔষধ
স্বাস্থ্য ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ ডিসেম্বর) : বাংলাদেশের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান বারডেম জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো নিজস্ব তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি চালু করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান।
হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন গড়ে চার হাজারেরও বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণের জন্য হাসপাতালে আসেন। দীর্ঘদিন ধরে হাসপাতালের নিজস্ব ইনডোর বা আউটডোর ফার্মেসি না থাকায় রোগীদের বাইরে গিয়ে ঔষধ সংগ্রহ করতে হতো। এতে উচ্চমূল্যে ঔষধ কেনা, মানসম্মত ও নির্ভরযোগ্য ঔষধ না পাওয়াসহ নানা ভোগান্তির শিকার হতে হতো রোগীদের। এই প্রেক্ষাপটে হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি চালু হওয়ায় রোগীরা স্বস্তি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ফার্মেসি উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান বলেন, বারডেম হাসপাতালে আগত রোগীদের যথাযথ, নিরাপদ ও স্বল্পমূল্যে ঔষধ প্রাপ্তি নিশ্চিত করতেই এই বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি চালু করা হয়েছে। এর ফলে রোগীরা হাসপাতাল চত্বরেই নির্ভরযোগ্য ও মানসম্মত ঔষধ সংগ্রহ করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ হাসপাতালের সেবার মান ও সুনাম আরও বৃদ্ধি করবে।”
অনুষ্ঠানে বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ফারিয়া আফসানা বলেন, আমাদের লক্ষ্য রোগীদের জন্য স্বল্পমূল্যে মানসম্মত ঔষধ সরবরাহ করা। নতুন এই ফার্মেসি রোগীদের সুবিধা নিশ্চিত করবে এবং বারডেমের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করবে।
হাসপাতাল কর্তৃপক্ষের , এই উদ্যোগ শুধু রোগীদের ভোগান্তি কমাবে না, বরং দেশের স্বাস্থ্যসেবায় বারডেম হাসপাতালের বিশ্বাসযোগ্যতা ও নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত বারডেম হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দীন আহমেদ, ফারিয়া আফসানা, বারডেম অফিসারস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোর্শেদ উদ্দিন আকন্দসহ হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের স্বনামধন্য প্রফেসর ও চিকিৎসকবৃন্দ।
মনোয়ারুল হক/
