রিয়াদে বিমানবন্দরে হামলায় ঢাকার তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ অক্টোবর): সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের পরিচালিত প্রাণঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সব ধরনের সংঘাত অবিলম্বে থামানো এবং বেসামরিক মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ১০ অক্টোবর সংঘটিত এই ভয়াবহ হামলায় বেশ কজন মানুষ গুরুতর আহত হয়েছেন, যাদের অনেকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হতাহত বাংলাদেশিদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ এবং বিপাকে পড়া পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করছে।

বাংলাদেশ সরকার নিহত প্রবাসীদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলা এবং বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এ ধরনের কাপুরুষোচিত হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, যা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।’

সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, বৃহত্তর আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অস্ত্র বিরতি, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আলোচনার মাধ্যমে সব সংকটের দীর্ঘস্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান জরুরি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ