স্কুলছাত্রী জান্নাতুল হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (৯ অক্টোবর): কুমিল্লার লালমাই উপজেলায় ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) হত্যার ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগরী থেকে তাকে আটক করা হয়।
দুপুরে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান গণমাধ্যমকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সুমন ওই স্কুলছাত্রীকে নিয়মিত অটোরিকশায় যাতায়াত করাতেন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি বিশেষ টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাকে পাকড়াও করে। বর্তমানে তাকে নিয়ে পুলিশ কুমিল্লার পথে রয়েছে।
কুমিল্লায় পৌঁছানোর পর সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিস্তারিত প্রকাশ করা হবে। তবে ঠিক কখন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কিছু জানাননি এসপি।
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জান্নাতুল যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে।
সে কুমিল্লা শহরের ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানিতে কুমিল্লা অঞ্চলে চাকরি করেন। এই সুবাদে পরিবার নিয়ে তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
নিজের মেয়ের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মনোয়ারুল হক/
