সন্ত্রাসীরা আত্মগোপন করে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ অক্টোবর): রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল এবং বিভিন্ন রাজনৈতিক সমীকরণ নিয়ে কঠোর মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি দাবি করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বর্তমানে রিকশাচালক হিসেবে আত্মগোপন করে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, বিগত স্বৈরাচারী সরকারের দোসর ও সন্ত্রাসীরা নিজেদের পরিচয় লুকিয়ে এখন রিকশার হ্যান্ডেলে হাত রেখেছে, যা নগরবাসীর জন্য নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে।
অনুষ্ঠানে রাজনৈতিক প্রতিপক্ষ ও নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন নূরুল ইসলাম মনি। জাতীয় সংসদ নির্বাচনে অল্প আসন পাওয়া দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘যারা ছয়টা সিট পেয়েছে, তারা এমন সব বক্তব্য দেয় যা অত্যন্ত অশ্লীল। গত ৫ তারিখের পর থেকে আমরা এমন অনেক কুরুচিপূর্ণ কথা শুনছি। এই ধরনের অশ্লীলতা থেকে তাদের অবিলম্বে বেরিয়ে আসা উচিত।’
এছাড়া সরকার গঠনের মাত্র ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লংমার্চ ডাকার কঠোর সমালোচনা করেন তিনি।
বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে চিফ হুইপ বলেন, দেশ যতবারই গভীর সংকটে পড়েছে, অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে, ততবারই সেই সংকট থেকে দেশকে উদ্ধার করেছে বিএনপি। বর্তমান সরকারও সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।
বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশার জন্য পূর্ববর্তী সরকারকে দায়ী করে নূরুল ইসলাম মনি জানান, শেখ হাসিনা সরকারের চরম অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণেই আজ দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার এই সংকটগুলো উত্তরণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্বাস্থ্য খাতের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, বিগত দিনে দীর্ঘ দুই বছর শিশুদের নিয়মিত হামের টিকা দেওয়া হয়নি। সেই অবহেলার মাশুল ও খেসারত আজ বর্তমান সরকারকে দিতে হচ্ছে।
মনোয়ারুল হক/
