‘পোশাক তো ঘুষ খেতেই পরেছি’ বলা এএসআই ক্লোজড
হবিগঞ্জ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (৬ অক্টোবর): ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’—এমন বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দেওয়া চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যে সার্কেল এএসপিকে পুরো ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে নোমান মিয়া নামের এক ব্যক্তির করা মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস হোসাইন। সে সময় উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি ওই মন্তব্য করেন। সেখানে উপস্থিত কেউ একজন তার বক্তব্যটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া প্রায় এক মিনিটের ওই ভিডিওটিতে এএসআই ইলিয়াসকে লোকজনের উদ্দেশে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভিডিওটি তার নজরে এসেছে এবং এর সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।
মনোয়ারুল হক/
