সরকারবিরোধী ভূমিকা পালন করছে বিরোধীদল: পানিসম্পদ মন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১৯ সেপ্টেম্বর): সংসদে বিরোধী দল ইতিবাচক ভূমিকা রাখার কথা বললেও মাঠের রাজনীতিতে তারা সরকারকে সহযোগিতা থেকে বিরত রয়েছে। এর সুযোগ নিয়েই গত সতেরো বছর ধরে দেশ শাসনকারী সেই অত্যাচারী ফ্যাসিস্ট বাহিনী আবারও ঝটিকা মিছিল বের করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী জিল্লুর রহিম কলেজ মাঠে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির এবং ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বর্তমান সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাত্র ছয় মাসের ব্যবধানে একটি সরকারে পক্ষে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়। মূলত এসব কাজের জন্যই একটি সরকারকে পূর্ণ পাঁচ বছরের সময় দেওয়া হয়। তবে এর মধ্যেই জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের বেশ কিছু জটিল সমস্যার কার্যকর সমাধান করা হয়েছে।’
চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ভিপি বেলাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. হারুনুর রশিদ, ডা. মো দিন মো. জহিরুল ইসলাম শাকিল, নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন আনু এবং লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. বাহারুল আলমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় অর্ধশত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে প্রায় দুই হাজার অসহায় ও সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
মনোয়ারুল হক/
