সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ সেপ্টেম্বর): দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা সার্ককে নতুন গতিশীলতা দান করার মাধ্যমে কার্যকর করার লক্ষে ভুটানের জোরালো সহায়তা চেয়েছে বাংলাদেশ।
ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত ট্রানজিট বা যাত্রাবিরতিকালে এই অঞ্চলের সম্মিলিত অগ্রগতি ও জনকল্যাণে সার্ককে পুনরায় সচল করার বিষয়ে দেশটির সমর্থন চাওয়া হয়। ভুটানের সরকারপ্রধানের এই যাত্রাবিরতিকালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সাক্ষাৎকালে বাংলাদেশের দুই মন্ত্রী একটি সমৃদ্ধ ও উন্নত দক্ষিণ এশিয়া গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তাধারা ও স্বপ্নের কথা তুলে ধরেন। সংক্ষিপ্ত এই সৌজন্য আলাপে তারা ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন।
এ সময় ভুটানের নবউদ্ভাবনী ও দূরদর্শী প্রকল্প ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) বাস্তবায়নে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। বিশেষ করে দেশটির এই শহর উন্নয়ন কার্যক্রমে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি সরবরাহ করে অংশীদার হওয়ার ইচ্ছা প্রকাশ করেন বাংলাদেশি প্রতিনিধিরা।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশকে প্রথম রাষ্ট্র হিসেবে ভুটানের স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে যে ঐতিহাসিক বন্ধুত্বের সূচনা হয়েছিল, বিগত বছরগুলোতে তা আরও সুদৃঢ় হওয়ায় উভয় পক্ষই গভীর সন্তোষ প্রকাশ করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।
উক্ত বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জার্মানি গমনের উদ্দেশে রওনা দেওয়ার পূর্বে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা সময় অতিবাহিত করেন।
মনোয়ারুল হক/
