জঙ্গি সন্দেহে তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ সেপ্টেম্বর): রাজধানীর ফার্মগেট সংলগ্ন তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ২৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরপরই ওই মসজিদে একটি গোপন বৈঠক চলাকালে এই অভিযান চালানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান সংবাদ মাধ্যমকে এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজের মসজিদে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ২৩ জনকে আটক করা হয়। ঘটনার পরপরই কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করছেন। এ বিষয়ে যাচাই-বাছাই শেষে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত প্রকাশ করা হবে।
এদিকে তেজগাঁও থানায় গিয়ে দেখা যায়, আটককৃত ব্যক্তিদের থানার নির্দিষ্ট একটি কক্ষে রাখা হয়েছে। তাদের সবার পরনেই রয়েছে পাঞ্জাবি ও টুপি। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ডিএমপির এক উধ্বর্তন কর্মকর্তা জানিয়েছেন, আটককৃতরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘ইফতেহাদুল ইসলাম’-এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
মনোয়ারুল হক/
