ত্রিশালে বাসচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৫
ময়মনসিংহ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১৮ সেপ্টেম্বর): ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউনাইটেড পরিবহনের বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাজীর শিমলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনাইটেড পরিবহনের দ্রুতগামী বাসটি প্রথমে একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন এবং গুরুতর আহত হন আরও পাঁচজন।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
মনোয়ারুল হক/
