সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৫ সেপ্টেম্বর): সৌদি আরবের তিন গুরুত্বপূর্ণ শহর—জেদ্দা, মক্কা ও তায়েফে সম্ভাব্য ঝুঁকি এড়াতে জরুরি সতর্কতা ঘোষণা করেছে দেশটির প্রশাসন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়।

ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিসের মাধ্যমে পাঠানো এই সতর্কবার্তায় শহরগুলোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এবং সব ধরনের সুরক্ষা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। সৌদি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এ নির্দেশনা কার্যকর করা হয়, যদিও ঠিক কী কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করা হয়নি।

জরুরি এই পরিস্থিতিতে নাগরিকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, ভবনের ভেতরের কক্ষে অবস্থান করা এবং ঘরের জানালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা স্থান, বারান্দা, ছাদ কিংবা বড় জানালার কাছাকাছি না থেকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

যাঁরা বাইরে অবস্থান করছেন, তাঁদের দ্রুত মজবুত কোনো ভবনের ভেতরে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গাড়িচালকদের জন্য বিশেষ সতর্কতা জারি করে বলা হয়েছে, এ ধরনের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই যেন তাঁরা সেতু কিংবা উঁচু স্থাপনা থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে দেন। সাধারণ মানুষকে যেকোনো ধরনের জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিহার করে কেবল সরকারি ও দাপ্তরিক মাধ্যমের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যকার সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করায় এই সতর্কতা জারি করা হয়ে থাকতে পারে। গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। এর জবাবে ইয়েমেনে হুথি অবস্থান লক্ষ্য করেও পাল্টা বিমান হামলা চালিয়েছে সৌদি জোট বাহিনী। সূত্র- আনাদোলু এজেন্সি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ