পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, ভারতের সেনা সদস্য গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩১ অক্টোবর): ভারতের সামরিক বাহিনীর এক সদস্যকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে গোপন তথ্য শেয়ার করার অভিযোগে আটক করেছে ভারতীয় পুলিশ। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের হাসিমারা (আলিপুরদুয়ার) থেকে তাকে পাকড়াও করা হয়।
অভিযুক্ত রাজবীর সিং নামের এই সেনা কর্মীর বিরুদ্ধে আইএসআইয়ের নিকট অতি সংবেদনশীল ও গোপন সামরিক তথ্য পাচার করার গুরুতর অভিযোগ আনা হয়েছে।
পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তি আইএসআইয়ের কাছে সেনাবাহিনীর গোপনীয় ও স্পর্শকাতর বিভিন্ন সামরিক নথিপত্র এবং তথ্য সরবরাহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত ৮ অক্টোবর পাঞ্জাবের ফাজিলকা থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।
গত শুক্রবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়। এ বিষয়ে সরকারি কৌঁসুলি সৌমিত্রা সিং সরকার জানান, তদন্ত শুরুর পর থেকেই ওই সেনা সদস্য আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।
শিলিগুড়ি আদালত অভিযুক্তের দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন। এই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পাঞ্জাবে স্থানান্তরিত করা হবে।
আদালতের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে অভিযুক্তকে ফাজিলকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে পেশ করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যে এলাকা থেকে এই গুপ্তচরকে আটক করা হয়েছে তা ভারত-ভুটান সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। তবে তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়ে পালানোর কোনো পরিকল্পনা করছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: ডেকান ক্রনিকাল
মনোয়ারুল হক/
