গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ সেপ্টেম্বর): চলমান দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কার্যক্রমে গত পাঁচ মাসে ১ কোটি ৯৭ লাখের বেশি শিশু টিকার আওতায় এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এই অর্জিত টিকাদানের হার প্রায় ১০ শতাংশ বেশি।

চলতি বছরের মার্চ মাসের শেষভাগে দেশে হামের সংক্রমণ দেখা দিলে সরকার দ্রুত পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে গত ৫ এপ্রিল প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান শুরু হয়। এরপর ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ—এই চার সিটি করপোরেশনে এবং ২০ এপ্রিল থেকে দেশজুড়ে একযোগে এই কর্মসূচি শুরু হয়, যা বর্তমানেও চলমান রয়েছে। তবে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী আরও একটি বৃহৎ পরিসরে বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালনার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শুরুতে সারা দেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মাঠপর্যায়ে সরকারের বিভিন্ন কার্যকর উদ্যোগ ও সচেতনতামূলক কার্যক্রমের ফলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে টিকাদানের হার দাঁড়িয়েছে প্রায় ১০৯.৮ শতাংশে।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণে জানা যায়, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী মোট ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশুকে এই টিকা দেওয়া হয়েছে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন, রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭ জন, রংপুর বিভাগে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ জন, খুলনা বিভাগে ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬ জন, সিলেট বিভাগে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন এবং বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে।

পাশাপাশি বিভিন্ন সিটি করপোরেশন এলাকার পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩ লাখ ৩৬ হাজার ৮৭০ জন, গাজীপুর সিটি করপোরেশনে ২ লাখ ৬ হাজার ৯২৭ জন, খুলনা সিটি করপোরেশনে ৯৬ হাজার ৭৯২ জন, রংপুর সিটি করপোরেশনে ৮২ হাজার ২৫৩ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৮৩ হাজার ৬৯৭ জন, সিলেট সিটি করপোরেশন এলাকায় ৭২ হাজার ৩৪৯ জন, রাজশাহী সিটি করপোরেশনে ৬৩ হাজার ৫৯ জন, ময়মনসিংহ সিটি করপোরেশনে ৬২ হাজার ৩০৫ জন, কুমিল্লা সিটি করপোরেশনে ৪৮ হাজার ৬৪৩ জন এবং বরিশাল সিটি করপোরেশনে ৪৪ হাজার ১১৯ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানান, শিশুদের টিকাদান একটি ধারাবাহিক ও নিয়মিত প্রক্রিয়া। তবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী অতিরিক্ত ক্যাম্পেইনটি সরকারের বিশেষ নজরদারি ও বাড়তি তৎপরতার অংশ, যেন কোনো শিশুই টিকা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

সূত্র: বাসস

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ