জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে শেভরন

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ সেপ্টেম্বর): বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন এবং বিদ্যমান ক্ষেত্রগুলোর উন্নয়নে আরও বিনিয়োগের জোরালো আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরন।

রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে আসা একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এই বৈঠকে দেশের জ্বালানি খাতে বিনিয়োগের পরিধি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া সূত্র জানায়, দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে শেভরনের এই নতুন বিনিয়োগের আগ্রহকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

এ সময় দেশের পুরোনো ও চলমান গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এই বৈঠকের বিস্তারিত বিষয়গুলো নিশ্চিত করেছেন।

উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ