স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ সেপ্টেম্বর): স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রার্থীকে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা অর্জনের বাধ্যবাধকতার বিধান রাখা হয়নি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সাক্ষাৎ করেন। এই সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই বিষয়টি স্পষ্ট করেন।

জাতীয় সংসদ নির্বাচনে যেমন কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই, সেই ধারাবাহিকতা বজায় রেখেই স্থানীয় সরকার সম্পর্কিত পাঁচটি আইনেও জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও জানান, নির্বাচনের বিস্তারিত বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার সুনির্দিষ্ট বিষয়গুলো নির্ধারণের পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের।

ব্রিফিংয়ে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, নির্বাচন কমিশন প্রচলিত আইন এবং শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে নির্ধারণ করবে যে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।

এ ছাড়া নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে, তবে এসংক্রান্ত আইন বা বিধিমালা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এ সময় একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এ বিষয়ে সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করে জানান, জামায়াতের পক্ষ থেকে এই ধরনের দায় চাপানোর কোনো চেষ্টা সরকারের কাছে গ্রহণযোগ্য হবে না।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ