জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ অক্টোবর): জাপান সফরের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি প্ল্যান্ট পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর প্রায় বারোটার দিকে তিনি এই কারখানায় এসে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী নিবিড়ভাবে প্ল্যান্টটির সার্বিক গাড়ি সংযোজন বা অ্যাসেম্বলি কার্যক্রম প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কারখানা পরিদর্শনের সময় টয়োটা মোটর কর্পোরেশনের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো কর্পোরেশনের মোবিলিটি বিভাগের প্রধান নির্বাহী শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ শীর্ষস্থানীয় উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ। সূত্র: বাসস
মনোয়ারুল হক/
