সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ অক্টোবর): চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু সংক্রান্ত মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালতে ডনের আইনজীবী মফিজুল ইসলাম আশরাফ জামিনের প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আবেদনটি নাচক করে দেন বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর পূর্বে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতেও ডনের জামিনের আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল। গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। দীর্ঘ সময় ধরে চলা তদন্তে একাধিকবার ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও, অভিনেতার পরিবার বরাবরই এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।
সর্বশেষ গত ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদনটি আদালত মঞ্জুর করেন। একই আদেশে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুনরায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রমনা মডেল থানাকে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মনোয়ারুল হক/
