মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ নতুন সদস্য, শপথ হতে পারে সন্ধ্যায়
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ আগস্ট): প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাঁদের মধ্যে অন্তত তিনজনের নিয়োগ প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
সম্ভাব্য নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নামও আলোচনায় রয়েছে। বিএনপির একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন। সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যোগাযোগ করা হয়েছে। তাঁদের আজ সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
এদিকে নতুন মন্ত্রীদের বঙ্গভবনে আনা-নেওয়ার জন্য প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে।
সম্ভাব্য নতুন মন্ত্রীদের মধ্যে ড. আবদুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। সর্বশেষ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
অন্যদিকে, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী পার্বত্য অঞ্চলের বান্দরবান আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। ওই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন।
এর বাইরে মন্ত্রীর পদমর্যাদায় পাঁচজন এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পাঁচজনসহ মোট ১০ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা মন্ত্রিসভার সরাসরি সদস্য নন।
আজ শুক্রবার নতুন করে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৪ জনে। একই সঙ্গে পূর্ণ মন্ত্রীর সংখ্যা ২৮ এবং প্রতিমন্ত্রীর সংখ্যা ২৫ জনে উন্নীত হবে।
মনোয়ারুল হক/
