সার্টিফিকেট নয়, শিক্ষার্থীদের কর্মক্ষমভাবে গড়তে হবে: মাহাদী আমিন
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ আগস্ট): শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে শিক্ষাব্যবস্থাকে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ও কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।
তিনি বলেন, পড়ালেখা শেষে একজন শিক্ষার্থী যেন শুধু একটি সনদ হাতে নিয়ে বের না হয়; বরং অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে—শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত সেটিই।
শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর ও গুণগত মানোন্নয়ন করার লক্ষ্যে সাভারে উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে কারিকুলাম তৈরি করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোয় অন-ক্যাম্পাস পার্টটাইম চাকরির ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে হবে। এ ছাড়াও ব্রেইন ড্রেইন বন্ধ করার উদ্যোগ নিতে হবে।
মনোয়ারুল হক/
