সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ আগস্ট): সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলটির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোটের প্রাক্কালে টেলিফোনে তিনি তাঁর এই স্বপ্নের কথা তুলে ধরেন। ভোটের মাধ্যমেই তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।
নিজের স্বপ্নের বাংলাদেশের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “আমি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যা প্রতিটি নাগরিকের মনে সুপ্ত। সেটি হলো—একটি সুখী, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী রাষ্ট্র। যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী এবং দিনমজুররা নিশ্চিন্তে দুই বেলা পেট ভরে খেতে পারবে। একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে তারা বেঁচে থাকবে। যেখানে তরুণ প্রজন্মের জন্য নিশ্চিত হবে কর্মসংস্থান এবং দেশের অর্ধেক জনগোষ্ঠী—নারীদের জন্য তৈরি হবে আত্মকর্মসংস্থানের ব্যাপক সুযোগ।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে এবং একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সফল হবে।”
দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সর্বপ্রথমে আমি মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই দেশের সেইসব মানুষের প্রতি, যাদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আমি সুখে-দুখে পাশে ছিলাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি গণমাধ্যমসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের প্রতি। বিশেষ করে, বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমি সর্বাধিক কৃতজ্ঞ। তাঁর নেতৃত্বেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশের গন্তব্যে পৌঁছাব।”
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আবেগাপ্লুত কণ্ঠে তিনি স্মরণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মির্জা ফখরুল বলেন, “আজকের এই বিশেষ দিনে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। তিনি এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। আমি তাঁর সান্নিধ্য ও স্নেহ পেয়েছি। তাঁর স্মৃতি আমার প্রতিটি মুহূর্তে শিহরণ জাগায় এবং আমাকে আবেগপ্রবণ করে তোলে।”
বাম ঘরানার ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাসানী ন্যাপের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি)। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তিনি বেগম খালেদা জিয়ার আস্থা অর্জন করে দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়ার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তারেক রহমানের মন্ত্রিসভার একজন সদস্য।
উল্লেখ্য, আজ দুপুর ২টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের পরিচালনায় এই ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। মির্জা ফখরুল জানান, দুপুর ২টাতেই তিনি সংসদে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে, রাষ্ট্রপতির পদে প্রার্থী হওয়ার খবরে গত কয়েকদিন ধরেই হেয়ার রোডের ৩৫ নম্বর সরকারি বাসভবনে ভিড় করছেন নেতা-কর্মীরা। নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সঙ্গে দেখা করছেন তিনি এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মনোয়ারুল হক/
