দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ ও বিক্ষোভ
প্রতিনিধি (দিনাজপুর), এবিসিনিউজবিডি, (১৮ আগস্ট) : দিনাজপুরের ফুলবাড়ীতে দ্রুতগামী বাসের ধাক্কায় শিফা (১০) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনার পর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
নিহত শিফা ফুলবাড়ী উপজেলার সুজলপুর গ্রামের ইস্তামুলের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার সময় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তা পার হচ্ছিল শিফা। এ সময় একটি চলন্ত বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সড়ক অবরোধ করেছিলেন। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে ছোট্ট শিফার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের হৃদয়বিদারক কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মনোয়ারুল হক/
