গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ আগস্ট): গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকারের পথচলা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার বেলা ১২টায় তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালে মাহদী আমিন জানান, দীর্ঘ প্রতীক্ষার পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠুভাবে জনগণের ক্ষমতা নিশ্চিত হয়েছে। জনগণের এই সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করে এবং ১৮০ দিনের এই পথচলা জনগণের প্রতি জবাবদিহিতা ও স্বচ্ছতারই প্রকাশ।

বৈষম্যবিরোধী আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় গঠিত এই সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের জনস্রোত এবং নির্বাচনপরবর্তী কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, এদেশের জনগণই সরকারের ক্ষমতার একমাত্র উৎস।

সরকারের নির্বাচনী ইশতেহার ও জনকল্যাণমূলক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরে মাহদী আমিন জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯-দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’, বিএনপির ২৭-দফা এবং যুগপৎ আন্দোলনের ৩১-দফার আলোকে কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১৩ লক্ষ কৃষক পরিবারের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা হয়। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা এবং দেশজুড়ে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি চালু করা হয়েছে।

রমজান ও ঈদে কৃত্রিম সিন্ডিকেট রোধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের বেতন-বোনাস সুনিশ্চিত করার পাশাপাশি অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের বকেয়া পাওনা পরিশোধে সম্প্রতি ২ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা তুলে ধরে মুখপাত্র জানান, সংসদে রেকর্ড সংখ্যক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে স্বৈরাচারী রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষাখাতে নতুন পাঠ্যক্রম অন্তর্ভুক্তি, স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, ফ্রি ওয়াইফাই ও শিক্ষার্থীদের সংসদে উপস্থিতির সুযোগসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় ২০০টি ইলেকট্রিক বাস ও এআই ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ গৃহীত হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে মাহদী আমিন বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভ্রমণ সতর্কতার দ্বিতীয় ধাপে উন্নীত করেছে। বহুল আলোচিত বিভিন্ন মামলার দৃশ্যমান অগ্রগতিসহ শেখ হাসিনার প্রত্যাবর্তনের আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে একটি মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের আয়োজনে সভাটি সঞ্চালনা করেন প্রেস সচিব সালেহ শিবলী। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহেদ উর রহমান। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ