সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ আগস্ট): স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় ধাপে ধাপে সৌরবিদ্যুৎ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই পদক্ষেপের সফল বাস্তবায়নের পর অন্যান্য সরকারি দপ্তরেও নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ চালুর জোরালো উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী জানান, সরকারি অফিসগুলোর ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠানের মাসিক বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্য হারে কমানোর পাশাপাশি দেশের নবায়নযোগ্য জ্বালানির পরিধি প্রসারিত করা। ইতিমধ্যে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্রমান্বয়ে দেশের সকল সরকারি অফিসে এই সেবার পরিধি বাড়ানো হবে।

তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় সরকারের অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধান কার্যালয়গুলোতে সৌরশক্তি চালু করা গেলে রাষ্ট্রীয় কোষাগারের বিদ্যুৎ খরচ বহুগুণ হ্রাস পাবে। এই যুগান্তকারী কার্যক্রম শুধু রাজধানী বা কেন্দ্রীয় পর্যায়ে আটকে থাকবে না; বরং জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিটি দপ্তরেও তা ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, আধুনিক নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে স্থানীয় সরকারের অফিসগুলোতে উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এর ফলে গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের সুবাদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য বাড়তি রাজস্ব আর্জেনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উদ্যোগটির বাস্তবায়ন কৌশল সম্পর্কে তিনি জানান, স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুজন অতিরিক্ত সচিবের সরাসরি নেতৃত্বে পৃথক দুটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলো ওয়ালটন, প্রাণ-আরএফএল এবং গ্রামীণ শক্তির মতো স্বনামধন্য সৌরবিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে সরকারি অফিসে সোলার প্যানেল চালুর সুনির্দিষ্ট পদ্ধতি ও সম্ভাব্য ব্যয় নির্ধারণে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে।

সভায় জানানো হয়, সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধির লক্ষ্যে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ একটি বিশেষ নির্দেশনা জারি করে। ওই পরিপত্রে বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের বড় একটি অংশ সৌরশক্তি থেকে নেওয়ার কথা বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতেও এই পরিবেশবান্ধব উদ্যোগ সম্প্রসারণ করা হচ্ছে।

সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, জনপ্রিয় বাহন ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য একটি যুগোপযোগী পৃথক বিধিমালা প্রণয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এ সময় তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রথম ১৮০ দিনের নানামুখী কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্রও গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

তিনি আরও জানান, চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের বাকি নির্বাচনগুলো সম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে।

উক্ত পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ.কে.এম. তারেক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়াল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড, কুমিল্লা) এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাব্যক্তি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ