জ্বালানি সংকট সমাধানে ২ বছর সময় দরকার: বাণিজ্যমন্ত্রী
প্রতিনিধি (সিলেট), এবিসিনিউজবিডি, (১৫ আগস্ট) : জ্বালানি খাতের বর্তমান সংকট মোকাবিলায় সরকার প্রচলিত ধারার বাইরে গিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি জানান, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বাড়ানো এবং নতুন নতুন কূপ খননের মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়াতে কাজ চলছে। তবে স্থায়ীভাবে এই সংকট কাটিয়ে উঠতে এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করতে প্রায় দুই বছর সময় লাগবে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের একটি কনফারেন্স হলে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে এবং শিল্পায়নে বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করার বিকল্প নেই। এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে সরবরাহের তুলনায় দৈনিক জ্বালানির চাহিদা দ্বিগুণেরও বেশি উল্লেখ করে মন্ত্রী জানান, বছরের এই নির্দিষ্ট সময়ে সাধারণত বিদ্যুত ও জ্বালানির চাহিদা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি থাকে, যার ফলে সংকটের বিষয়টি আরও বেশি দৃশ্যমান হচ্ছে। তবে নির্ধারিত এই সময়টুকু পেলে দেশের জ্বালানি খাতের স্বয়ংসম্পূর্ণতা বহুগুণ বেড়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মনোয়ারুল হক/
