দেশের উন্নয়নে কোনো বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (৯ আগস্ট) : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান নেতৃত্ব অত্যন্ত মানবিক ও জনবান্ধব। তাই দেশের কোথাও কোনো ধরনের বৈষম্য করা হবে না।
রোববার চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর হস্তান্তর, অনুদান এবং ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের বাঁশখালীর উন্নয়নে কোনো বৈষম্য হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঁশখালী এখন একটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে উঠেছে। এছাড়া লবণ চাষিরাও এখন তাদের পণ্যের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন। চাষিরা ন্যূনতম মজুরি কত পাবেন, সে বিষয়ে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন। বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে পরিমাপ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের বাঁশখালীতে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বাঁশখালীর সামগ্রিক উন্নয়নে যা যা প্রয়োজন, তার সবই করবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, সাতকানিয়া ও লোহাগাড়াতেও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। সরকার কোনো ধরনের রাজনৈতিক ভেদাভেদ বা বৈষম্য করছে না। বাঁশখালীতে ভিন্ন দলের সংসদ সদস্য থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী এখানে এসেছেন এবং মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
মনোয়ারুল হক/
