মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৮ আগস্ট) : বাইরের শক্তির ওপর নির্ভরতা পুরোপুরি বাদ দিয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে নিজেদের শক্তির ওপর আস্থাশীল হওয়া এবং আঞ্চলিক ঐক্য আরও সুদৃঢ় করার তাগিদ দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই আহ্বান জানান।

শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তার মাধ্যমে তিনি এই অভিমত ব্যক্ত করেন। আরাঘচি উল্লেখ করেন, যেকোনো বহিরাগত হুমকি সফলভাবে মোকাবেলার সবচেয়ে কার্যকর পথ হলো মুসলিম বিশ্বের সংহতি ও ঐক্য বজায় রাখা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ব্যয়বহুল সামরিক শক্তির মোকাবিলায় ইরান তার সশস্ত্র বাহিনীর অপারেশনাল দক্ষতা, প্রস্তুতি এবং সক্ষমতার সফল প্রমাণ দিয়েছে।

তিনি আরও যোগ করেন, মুসলিম সম্প্রদায় যখন পারস্পরিক ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়, তখন যেকোনো প্রতিকূল শক্তির চ্যালেঞ্জ অত্যন্ত দৃঢ়তার সাথে প্রতিহত করা সম্ভব। এটি নিজেদের শক্তির ওপর ভরসা করার এবং সত্যিকারের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার উপযুক্ত সময়।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজস্ব নেতৃত্ব ও ব্যবস্থাপনায় আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ইরানি কূটনীতিকদের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ হিসেবে এই বক্তব্য এসেছে।

এদিকে একই দিন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলো এখন স্পষ্টভাবে বুঝতে পারছে যে তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব একান্তভাবেই তাদের নিজেদের।

তিনি আরও উল্লেখ করেন যে, উপসাগরীয় অঞ্চলের শীর্ষ নেতারা ইতোমধ্যে পারস্পরিক সংলাপের উপযুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে ইতিবাচক রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করেছেন। এই অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরে এলে এই সংলাপের গতি আরও বহুগুণ বৃদ্ধি পাবে। সূত্র: মিডিল ইস্ট মনিটর

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ