চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ আগস্ট) : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে এই চিকিৎসক সমাবেশের আয়োজন করা হয়।
এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে থেকে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও আরেকটি গাছের চারা রোপণ করেন। চারা রোপণ শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
আনুষ্ঠানিকতা শুরুর প্রাক্কালে শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মনোয়ারুল হক/
