অস্ত্রভান্ডারের তথ্য ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৬ আগস্ট) : মার্কিন প্রশাসনের সামরিক গোপন তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের তীব্র সমালোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, যারা জাতীয় নিরাপত্তার সংবেদনশীল তথ্য গণমাধ্যমের কাছে ফাঁস করছেন, তাদের চিহ্নিত করে দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করা হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ট্রাম্প জানান, মার্কিন অস্ত্রাগার খালি হয়ে যাওয়ার সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর দাবি, দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র সামরিক শক্তি পুনর্গঠনে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে এবং বর্তমানে দেশের সামরিক ভাণ্ডারে রেকর্ড পরিমাণ সর্বাধুনিক গোলাবারুদ সংরক্ষিত রয়েছে।
হোয়াইট হাউস ও পেন্টাগনের গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত এবং গোপন নথি গণমাধ্যমে ফাঁস হওয়া নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর অসন্তুষ্ট হয়েছেন ট্রাম্প এবং এই ঘাটতির জন্যই তিনি ইরানের বিরুদ্ধে বড় কোনো সামরিক পদক্ষেপ নেওয়া থেকে সাময়িকভাবে বিরত। সূত্র: আল-জাজিরা
মনোয়ারুল হক/
