কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ আগস্ট) : দেশের বিশাল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রচলিত ব্যবস্থার বাইরে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১ আগস্ট) সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে তরুণ প্রজন্মকে আধুনিক ও কর্মক্ষম করে গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষাব্যবষ্টায় যুগান্তকারী পরিবর্তন আনার কাজ করছে। দেশের শ্রমবাজারের চাহিদা মেটাতে শুধু সাধারণ শিক্ষার ওপর নির্ভর না করে কারিগরি শিক্ষার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক অঙ্গনের প্রসঙ্গ টেনে তিনি জানান, দেশের কারিগরি খাতের মানোন্নয়ন ও আধুনিকায়নে বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে।

এহছানুল হক মিলন বলেন, দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতাও বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষামন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিচারণ করেন। তিনি বলেন, দেশের কল্যাণে শহীদদের এই আত্মত্যাগ ও গৌরবোজ্জ্বল স্মৃতি জাতির ইতিহাস থেকে কখনো মুছে যাওয়ার নয়; বরং নতুন প্রজন্মের মাঝে এই অবদানের কথা চিরস্মরণীয় করে রাখতে হবে। পরিশেষে, দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরির মাধ্যমে তরুণ সমাজকে দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে তোলার ওপর তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ