চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ আগস্ট) : চক্রান্ত ও অস্থিতিশীলতা তৈরির পথ পরিহার করে গণতন্ত্র ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এবং ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা এবং চব্বিশের গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্মের সাহসিকতার যৌথ পথ ধরেই জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিভ্রান্তির কোনো অবকাশ নেই উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি স্পষ্ট জানান, জনগণের দেওয়া দায়িত্বের প্রতি শ্রদ্ধা রেখে সরকার ধৈর্যের পরিচয় দিলেও রাষ্ট্রের নিরাপত্তা ও জনকল্যাণে যেকোনো ষড়যন্ত্র কঠোরহাতে দমন করা হবে।
আলোচনা সভায় অন্য বক্তারাও ফ্যাসিবাদের দুঃশাসন ও চব্বিশের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এই আলোকচিত্র প্রদর্শনীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক ইতিহাস জানার একটি প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেন।
এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় যেকোনো ধরনের অপসংস্কৃতি ও নৈরাজ্য বন্ধে কঠোর ভূমিকা পালনের পাশাপাশি শহীদ পরিবার ও আহতদের জন্য দ্রুত রাষ্ট্রীয় ন্যায়বিচার দাবি করেন।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ পতিত ফ্যাসিবাদের চক্রান্ত রুখে দিতে বিজয়ী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি চব্বিশের আন্দোলনকে দলমত নির্বিশেষে পুরো জাতির যৌথ অর্জন বলে উল্লেখ করেন এবং জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার জন্য ফটো সাংবাদিকদের ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে অতিথিরা বিগত ১৫ বছরের গণতান্ত্রিক সংগ্রাম ও চব্বিশের ঐতিহাসিক অভ্যুত্থানের দুর্লভ আলোকচিত্রসমূহ পরিদর্শন করেন।
মনোয়ারুল হক/
