বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক (বগুড়া), এবিসিনিউজবিডি, (১ আগস্ট) : বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। বাকিদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত চারজনেই পিকআপ চালক, হেলপার এবং যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং কাহালু থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। অন্যদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মনোয়ারুল হক/
