সাগর পাড়ি দিয়ে স্পেনের ছিটমহলে হাজার অভিবাসী, নিহত বেড়ে ১৮
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩১ জুলাই) : উত্তর আফ্রিকার স্পেনের স্বায়ত্তশাসিত ছিটমহল সেউটায় মরক্কো সীমান্ত পাড়ি দিয়ে প্রবেশ করেছেন হাজারো অভিবাসী। এর আগে সেউতা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, জীবনের চরম ঝুঁকি নিয়ে ঘাতক কাঁটাতারের বেড়া ও সমুদ্র পথ পেরিয়ে গত ১০ দিনে দেড় হাজার থেকে দুই হাজার অভিবাসী ওই অঞ্চলে প্রবেশ করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতভর শত শত অভিবাসী মরক্কো থেকে সেউতায় প্রবেশের চেষ্টা করেন।
স্পেনের সুপ্রিম কোর্টের সম্প্রতি দেওয়া এক রায়ের পর এই আকস্মিক অভিবাসী ঢল শুরু হয়েছে। মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে এখন পর্যন্ত ১৮ অভিবাসীর মৃত্যুর মর্মান্তিক সংবাদ পাওয়া গেছে।
স্থানীয় প্রশাসন এই নজিরবিহীন পরিস্থিতিতে মাদ্রিদকে সেনা মোতায়েন ও জরুরি মানবিক অবস্থা ঘোষণার জোরালো আহ্বান জানালেও, স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা নাকচ করে জানিয়েছে যে বর্তমান পরিস্থিতির জন্য এ ধরনের পদক্ষেপ প্রযোজ্য নয়। মূলত চলতি মাসের শুরুর দিকে আদালতের এক রায়ে উল্লেখ করা হয় যে, সেউটায় পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের আটকের পর মরক্কোয় ফেরত পাঠানো যাবে না; আর এই আইনি সুরক্ষার খবর ছড়িয়ে পড়তেই মরক্কো থেকে নৌকা, ভেলা বা সরাসরি সীমান্ত পেরিয়ে প্রবেশের হিড়িক পড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, রোদ ও ক্লান্তিকে উপেক্ষা করে সেউটায় পা রেখেই উল্লাসে ‘ভিভা এসপানা’ স্লোগান দিচ্ছেন অভিবাসীরা। অভিবাসী অধিকার কর্মী জাকারিয়া জারোকি রয়টার্সকে বলেছেন, অভিবাসীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার ঘটনা ২০২১ সালের মে মাসের মতো। সেবার কয়েক দিনের মধ্যে প্রায় ১০ হাজার মরক্কো ও সাব-সাহারান তরুণ এই ছিটমহলে ঢুকেছিল।
জারোকি জানান, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সীমান্ত পাড়ি দেওয়ার জন্য অভিবাসীরা মরক্কোর ফনিদেক শহরে ভিড় করেছেন।
মনোয়ারুল হক/
