তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩০ জুলাই) : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের এক সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন।

সার্জিও গর এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে। এছাড়া সফরসূচির অংশ হিসেবে তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবিরও সরেজমিন পরিদর্শন করবেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করতেই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকাকে কেন্দ্র করে নানা কূটনৈতিক তৎপরতার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়েছে। আর সেই ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটেই ওয়াশিংটন ঢাকার প্রকৃত পররাষ্ট্রনীতি ও দৃষ্টিভঙ্গি গভীরভাবে অনুধাবন করতে চাইছে।

পাশাপাশি, একই সঙ্গে ভারতের মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করায় সার্জিও গরের এই সফরে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের অগ্রগতির বিষয়টিও গুরুত্ব পেতে পারে। ধারণা করা হচ্ছে, নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের গতিপ্রকৃতি সম্পর্কে জানার পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের কাছে নয়াদিল্লির কোনো বিশেষ বার্তাও পৌঁছে দিতে পারেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে চীনের পাশাপাশি রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পৃক্ততা ও এ বিষয়ে সরকারের মনোভাব সম্পর্কেও ওয়াশিংটন বিস্তারিত অবহিত হতে সচেষ্ট রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ