দেশজুড়ে তীব্র গ্যাস সংকট: থমকে যাচ্ছে শিল্প উৎপাদন ও জনজীবন

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ জুলাই) : মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে দেশজুড়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এর প্রভাবে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাসের দৈনিক সরবরাহ কমে নেমে এসেছে প্রায় ২ হাজার ১৭০ এমএমসিএফডিতে, যা বিদ্যুৎ, শিল্প ও আবাসিক খাতের সংকটকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সবচেয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছে দেশের রপ্তানিমুখী শিল্প খাত। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, নরসিংদী, চট্টগ্রাম ও খুলনার বহু কারখানায় প্রয়োজনীয় গ্যাসের চাপ (২-৩ পিএসআইয়ের নিচে) না থাকায় উৎপাদন ৪০ থেকে ৬০ শতাংশে নেমে এসেছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনসহ (বিটিএমএ) ব্যবসায়ীদের তথ্যমতে, দেশের প্রায় ৪০ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান আজ আংশিক বা পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সময়মতো পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ও রপ্তানি বাণিজ্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র মাঝারি ব্যবসাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে; বিকল্প জ্বালানির অতিরিক্ত খরচে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান শ্রমিক ছাঁটাই ও ওভারটাইম বন্ধ করতে বাধ্য হয়েছে। এছাড়া গ্যাস ঘাটতির কারণে নতুন শিল্প সংযোগের ১ হাজার ৮৫৭টি আবেদন আপাতত স্থগিত রয়েছে।

শিল্পের পাশাপাশি এর বিরূপ প্রভাব পড়েছে আবাসিক ও পরিবহন খাতেও। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময় গ্যাসের দেখা মিলছে না বললেই চলে। বাধ্য হয়ে অনেক পরিবারকে গভীর রাতে বা ভোরবেলা রান্না সারতে হচ্ছে, আর যারা এলপিজি ব্যবহার করছেন তাদের ওপর তৈরি হয়েছে বাড়তি আর্থিক চাপ। সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে খালি হাতে ফিরছেন চালকরা; কোনো কোনো পাম্পে ঝুলছে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড।

এদিকে এই সংকট উত্তরণে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার। বর্তমান পরিস্থিতি ও ঘাটতি মেটানোর সহযোগিতার অনুরোধ জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে দুই নেতার ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য নিশ্চিত করেন এবং চলমান ভোগান্তির জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ