মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ জুলাই) : দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, এই লক্ষ্য অর্জনে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনা হবে এবং এর জন্য সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি ও সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়নের ধারা অব্যাহত রাখা হবে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরপ্রধান এবং মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের তথ্য অনুযায়ী, সভায় শিক্ষা খাতের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পসমূহ, শিক্ষা নীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক দক্ষতার বিভিন্ন দিক নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়।
উপস্থাপনা শেষে প্রধানমন্ত্রী সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় শিক্ষার মানোন্নয়ন, ক্লাসে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ফলপ্রসূ পাঠদান পদ্ধতি চালু করা, শিক্ষকদের জন্য যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি, শিক্ষা প্রশাসনের জবাবদিহিতা আরও সুদৃঢ় করার তাগিদও দেওয়া হয়।
মতবিনিময়কালে মাঠপর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তারা সরাসরি তাদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পান। তারা শিক্ষাক্ষেকত্রের বর্তমান বাস্তব চিত্র, বিভিন্ন চ্যালেঞ্জ এবং মান উন্নয়নের রূপরেখা সম্পর্কে মূল্যবান মতামত উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগের সাথে তাদের বক্তব্য শোনেন এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে মাঠপর্যায়ের এই বাস্তব অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সফর শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সার্বিক শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে সভা সমাপ্ত করেন।
মনোয়ারুল হক/
