মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ জুলাই) : জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে বৈঠকে মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে দেশটির আরও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক এবং গাড়িচালক নিয়োগে কার্যকর উদ্যোগ নিতে জাপানের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আলোচনায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও বেগবান করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের আদলে আরেকটি শিল্প পার্ক স্থাপন করতে চাইলে বর্তমান সরকার সব ধরনের সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। পাশাপাশি দুই দেশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করতে যৌথভাবে কাজ করার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকে অবকাঠামোগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার মধ্যে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন এবং চলমান ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতি বিশেষভাবে স্থান পায়।

উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান। অন্যদিকে, জাপানি প্রতিনিধিদলে বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো, সিভিল এভিয়েশন ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি অংশ নেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ