মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ জুলাই) : বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সানকো। দেশের সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের এই পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের এক বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি জানানো হয়। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন।
বৈঠকে সানকো প্রতিনিধিদল জানায়, আন্তর্জাতিক ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা এবং বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশের কারণে তারা এবার দেশেই সরাসরি উৎপাদন সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের বা ভ্যালু অ্যাডেড টেক্সটাইল পণ্য তৈরি করা হবে।
তুরস্কের এই প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, বাংলাদেশে তাদের বহু আন্তর্জাতিক ক্রেতা রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদন শুরু হলে নতুন ক্রেতারা আকৃষ্ট হওয়ার পাশাপাশি দেশের বিদ্যমান কারখানাগুলোও প্রযুক্তিগত দক্ষতা ও বাজার সম্প্রসারণের সুযোগ পাবে। প্রকল্প বাস্তবায়নের জন্য এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও অবকাঠামোগত সহযোগিতা পেলে খুব দ্রুতই এর কাজ শুরু হবে। নির্মাণকাজ শুরুর পর মাত্র ১২ থেকে ১৮ মাসের মধ্যে কারখানাটি উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আধুনিক এই কারখানায় পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই উৎপাদন ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে কয়লাবিহীন ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছে সানকো। এর জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সংযোগসহ দ্রুত সরকারি অনুমোদন পেতে সরকারের সহযোগিতা কামনা করেছে প্রতিনিধিদল।
বৈঠকে সানকোর বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে আন্তরিকভাবে কাজ করছে এবং বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। সংশ্লিষ্টদের মতে, সানকোর এই বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের টেক্সটাইল খাতে নতুন প্রযুক্তির সংযুক্তি ঘটবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
মনোয়ারুল হক/
