জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবার ভাষণ দেবেন তারেক রহমান
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ জুলাই) : প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন তারেক রহমান।
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ বিশ্বমঞ্চে তিনি তাঁর প্রথম ভাষণ প্রদান করবেন। দেশের সরকারপ্রধান হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর এই অভিষেক ভাষণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর দপ্তর পিএমও সূত্রে জানা গেছে, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠক করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।
মনোয়ারুল হক/
