উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণে বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ জুলাই) : টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যায় দেশের ১১টি জেলায় দেখা দিয়েছে চরম বিপর্যয়। উদ্ভূত দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা, ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সার্বিক সহযোগিতার লক্ষ্যে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। দুর্গত জেলাগুলো হলো—চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর।
এর আগে রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, বিপন্ন মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, ত্রাণসামগ্রী ও জরুরি চিকিৎসাসেবা বণ্টন, ভেঙে পড়া যোগাযোগব্যবস্থা সচল করা এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো রক্ষায় তাদের জোরালো তৎপরতা চলছে। বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য উল্লিখিত জেলাগুলোর ৯০টি পয়েন্টে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে বিজিবি, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হয়।
ইতিমধ্যেই বান্দরবানের প্লাবিত এলাকা থেকে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ছয় শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গতদের মাঝে খাদ্য ও চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে বাহিনীটি। যোগাযোগ সচল রাখতে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের গাছ ও ধসে পড়া ধ্বংসাবশেষ অপসারণ করা হয়েছে।
এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের মুখে পড়া একটি ঝুঁকিপূর্ণ স্টিল সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে বিজিবি।
মনোয়ারুল হক/
